কল্যাণ ডেস্ক
দীর্ঘ ৪ মাস ২৫ দিন পর খুলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ১০টি দানবাক্স ও পাঁচটি ট্রাঙ্ক খোলা হয়। এতে পাওয়া গেছে ৫১ বস্তা ভর্তি টাকা। পাশাপাশি সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া গেছে।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে সংগৃহীত টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গণনার কার্যক্রম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের দানবাক্স খোলা উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। টাকা গণনায় অংশ নিয়েছেন প্রায় ৬৮০ জন। তাঁদের মধ্যে রয়েছেন ৩৯০ জন মাদ্রাসাশিক্ষার্থী, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মসজিদের ৩৫ জন শিক্ষক ও কর্মচারী, এসআরবির আটজন সদস্য, ফায়ার সার্ভিসের চারজন সদস্য, ১৫০ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী, ৪০ জন পুলিশ সদস্য এবং ব্যাটালিয়ন আনসারের ১০ জন সদস্য।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ মানত, কৃতজ্ঞতা ও বিভিন্ন উদ্দেশ্যে পাগলা মসজিদে নগদ অর্থ, স্বর্ণালংকার, রুপা, গবাদিপশু এবং বিভিন্ন দেশের মুদ্রা দান করেন। এসব দানের অর্থ মসজিদের উন্নয়ন, এতিম ও অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
এর আগে প্রায় ছয় মাস পর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। প্রায় ১২ ঘণ্টা গণনা শেষে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সেবারও নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া যায়।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাগলা মসজিদের দানবাক্সে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা পাওয়া গেছে। এ ছাড়া অনলাইনে অনুদান এসেছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। দানবাক্সে এখন পর্যন্ত ১৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। এসব বৈদেশিক মুদ্রার মোট মূল্য ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা।
এবারের দানবাক্সে পাওয়া অর্থের পরিমাণ গণনা শেষে জানা যাবে। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে চলছে দিনভর এই গণনা কার্যক্রম।
