যশোরে কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক
পুলিশ সদস্যদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক ক্যাডার হিসেবে ব্যবহার করেছে। পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও সুপরিকল্পিতভাবে কাজ করছেন। তাঁর লক্ষ্য, পুলিশ হবে জনগণের বন্ধু এবং সেবামূলক প্রতিষ্ঠান।
শনিবার যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কিছু মহল নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রী পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর কোনো সুযোগ দেননি। পুলিশ সদস্যরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণের মধ্য দিয়ে পুলিশ বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে মানুষ প্রকৃত অর্থেই পুলিশকে নিজেদের বন্ধু হিসেবে ভাবতে পারে।
কোতোয়ালি থানার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মহান মুক্তিযুদ্ধে এই থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মব কালচারের মধ্যে থানাগুলো আক্রান্ত ও লুটপাটের শিকার হলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে যশোর কোতোয়ালি থানা সুরক্ষিত রেখেছিলেন।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অতীতে অনেক দুঃখ-বেদনা থাকলেও তাঁরা উপলব্ধি করেছিলেন, একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী অপরিহার্য। পুলিশকে বাদ দিয়ে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়।
নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে পুলিশ সদস্যরা জনগণকে আরও ভালো সেবা দিতে পারবেন। ছয়তলা ফাউন্ডেশনের এই ভবনটি প্রাথমিকভাবে চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা।
নির্মাণকাজের গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করে তিনি যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী বলেন, যশোরে কোনো সরকারি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে গুণগত মান নিয়ে আপসের কথা শুনতে চান না।
মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, কোতোয়ালি থানার পুরোনো ভবনটি মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিবিজড়িত। নতুন ভবন নির্মাণের পর থানা ক্যাম্পাসে তাঁদের স্মৃতি সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
