নিজস্ব প্রতিবেদক: যশোরে ইজিবাইক চালানোর নাম করে পালিয়ে যাওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে শনিবার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। শহরতলীর হামিদপুর সিকদারপাড়ার আবিদুর রেজা খান অভিযোগটি দেন।
অভিযুক্তরা হলো, বালিয়াডাঙ্গা মান্দিয়া ফরিদের ভাড়াটিয়া মহিদুল সিকদার সোনার ছেলে সাগর (৪০), তার স্ত্রী জোসনা (৩৫), শওকত বিশ্বাসের ছেলে তরিকুল বিশ্বাস (৩৫) এবং ওমর গাজীর ছেলে বাদল গাজী (২৪)।
এজাহারে আবিদুর রেজা উল্লেখ করেছেন, তার একটি ইজিবাইক আছে। ওই ইজিবাইকটি তিনি ভাড়া দিয়ে চালাতেন। অভিযুক্ত জোসনা বেগম প্রায় সময় ইজিবাইকটি তার স্বামীকে দিয়ে চলানোর কথা বলে।
এক পর্যায়ে তিনি রাজি হন। এবং শর্ত থাকে-ইজিবাইকের কোন ক্ষতি হলে তিনি বহন করবেন। গত ৬ ডিসেম্বর প্রতিদিনের মতো অভিযুক্ত সাগর তার কাছ থেকে ইজিবাইক নিয়ে বাইরে যায়। সেদিন আর ফেরেনি। তিনি সাগরের সন্ধানের জন্য তার বাড়িতে গেলে তার স্ত্রীসহ অন্যরা এলোমেলো কথা বলেন। এতে তার সন্দেহ হয়। তার ধারণা আসামিরা যোগসাজে ইজিবাইকটি চুরির জন্য ভাড়ায় নিয়েছিল।
এবিষয়ে কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম জানিয়েছেন, ইজিবাইক নিয়ে চালক চম্পট দিয়েছে এই রকম একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।