শাহারুল ইসলাম ফারদিন
যশোরে ছিট কাপড়ের ব্যবসা এখনও জমে উঠেনি। তাই কাজের চাপ নেই দর্জিদের। প্রতিবছর ১০-১৫ রোজার মধ্যে দর্জিরা অর্ডার নেওয়া বন্ধ করে দিলেও এবার সেই চিত্র নেই। ৫ রোজা পার হলেও ছিট কাপড়ের বাজার জমে উঠেনি। ব্যবসায়ীরা বলছেন, দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রভাব পড়েছে, যার কারণে এবার এখন পর্যন্ত বিক্রি পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। তবে চাকরিজীবীরা বেতন-বোনাস পেলে এবং ঈদ আরো কাছাকাছি এলে ক্রেতা বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীদের।
তবে ক্রেতারা বলছেন এবার ছিট কাপড়ের দাম বেশ চড়া, সাথে মজুরিও। যার কারণে তৈরি পোশাকের চেয়ে রেডিমেট তৈরি পোশাকের প্রতি ঝুঁকছে তারা।
শহরের কালেক্টরেট মার্কেট ও এইচএমএম রোডে রয়েছে দেশি বিদেশি হরেক রকমের ছিট কাপড়ের দোকান। এসব দোকানে প্রতি বছর রোজার ঈদের আগে দম ফেলানোর সুযোগ থাকে না ব্যবসায়ীদের। কিন্তু এবার দেখা যায় উল্টো চিত্র। ছিট কাপড়ের অধিকাংশ দোকানে কর্মচারীরা বসে আছেন। অলস সময় পার করছেন। তবে অবশ্য দু-একটি দোকানে দু-একজন ক্রেতা দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় প্রতি গজ দেশি কাপড়ের দাম বেড়েছে ১০-২০ টাকা। অপরদিকে বিদেশি কাপড়ের দাম বেড়েছে গজ প্রতি ২০ শতাংশ। গতবছর পপলিন ছিট কাপড়ের গজ প্রতি দাম ছিলো ৫৫-৬০ টাকা, যা বেড়ে এবার হয়েছে ৭৫-৮০ টাকা। সুপার টরে ছিলো ১১০-১২০ টাকা, বর্তমানে ১৫০-১৭০টাকা, মাইক্রো টরে ছিলো ১৫০-১৬০ টাকা, বর্তমানে ২০০-২২০টাকা। প্রিন্টের কাপড় ছিলো ৫৫-৬০ টাকা যা বর্তমানে ৮০-১০০টাকা, ভয়েল কাপড়ে গতবারের তুলনায় বেড়েছে গজ প্রতি ১৫-২০ টাকা।
এছাড়াও বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ইতিমধ্যে ঈদ উপলক্ষে বাজারে এসেছে হরেক দাম ও মানের কাপড়। দর-দামের বর্ণনা দিতে গিয়ে ব্যবসায়ীরা জানান, অরগেন্ডি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৬০০ টাকা গজ। সুতির লেজ কাজ ৪৫০ থেকে ১২০০ টাকা। কাতান কাজ করা ২০০ থেকে ১০০০ টাকা। নেটের ওপর কাজ ৬০০ থেকে ২০০০ টাকা। এ ছাড়া দেশি এক কালার পায়জামা ও টাউজারের কাপড় ২৫০ থেকে ৫৫০ টাকা। কাপড়ের মানভেদে গুজরাটি কাপড় প্রতি গজ ৩৫০ থেকে ২০০০ টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে জেন্টস প্যান্ট-শার্টের দেশি-বিদেশি কাপড়ও। এ ছাড়া ঈদ উপলক্ষে ছেলেদের প্যান্ট ও শুটিং আইটেমে যোগ হয়েছে নতুন নতুন কাপড়। পরতে আরামদায়ক এসব কাপড়ের দাম ২০০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া নন ব্র্যান্ডের প্যান্ট পিস পাওয়া যাচ্ছে হাজার টাকার মধ্যে।
মডার্ণ ক্লথ স্টোরের ম্যানেজার হারাণ মজুমদার জানান, প্রতি বছরের মতো এবার রমজানের ঈদকে সামনে রেখে বাজারে এসেছে বাহারি ডিজাইনের নতুন নতুন দেশি-বিদেশি ছিট কাপড়। শৌখিন ক্রেতারা যারাই আসছেন মনোহারি বিশেষ ডিজাইনে তাদের মন আকৃষ্ট করছে। তবে দাম একটু চড়া থাকায় পছন্দের কাপড় মনের মতো দামে ক্রয় করতে পারছেন না ক্রেতারা।
শহরের প্রাণকেন্দ্র এইচএমএম রোডের মামুন ট্রেডার্সের কর্মচারী মিজানুর রহমান বলেন, এখনো পুরোদমে ছিট কাপড় বিক্রি শুরু হয়নি। বেশির ভাগ ক্রেতাই এসে কাপড় দেখে দামাদামি করে চলে যাচ্ছেন। কেউ কেউ কিনছেনও। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ আবুল বাশার বলেন, এবার ঈদে বেচাকেনা এখনো শুরু হয়নি। তবে এখন দিনের বেলায় ক্রেতারা আসছেন। যেহেতু মাসের শেষ আশা করছি আগামী মাসের শুরু থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।
শহরের কালেক্টরেট মার্কেটে গজ কাপড় কিনতে এসেছেন রাজিয়া সুলতানা প্রিয়া ও তানিয়া সুলতানা উর্মি। তারা বলেন, কাপড়ের দাম অনেক বেশি। গত বছর যে কাপড় ৫৫ টাকা গজে কিনেছি এ বছর সে কাপড় ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আরেক ক্রেতা সরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম বলেন, ছিট কাপড়ের ও পছন্দমতো পোষাক তৈরি করতে যে মজুরির লাগছে তাতে গামেন্টেসের রেডিমেড তৈরি পোষাক কিনবো এবার। তাই আজ ঘুরে ঘুরে দেখছি ড্রেসের কী কী কালেকশন এসেছে। বেতন বোনাস পাওয়ার পর কিনব।
অপরদিকে এবার তৈরী করা পোষাকের প্রতি মানুষের আগ্রহ হারাচ্ছেন মজুরির কারণে। টেইলার্স মলিকরা বলছেন এবার এখনো কাজের চাপ নেই। প্রতিবার শবেবরাতের আগ থেকেই চাপ শুরু হয়। এতা চাপ বৃদ্ধি পায় যে ১০ রমজানের আগেই আমরা অর্ডার নেয়া বন্ধ করে দিতে হয়। সে তুলনায় এবার এখনো জমে উঠেনি।
শহরের সাইমুন টেইলার্স, শিমুল টেইলার্স, সাকস্, অঙ্গ শোভা টেইলার্স, শিষ্য এন্ড সংগ্রাম টেইলার্স এর মালিকরা জানান, তৈরি পোষাকে রুচিশীল গ্রাহকের চাহিদা অনেক বেশি যশোরে। প্রতিবারের ন্যায় এবার চাপ নেই বললেই চলে। তবে কিছু কিছু টেইলার্সের মালিকরা বলছেন, দোকানে বেশ কিছু কাপড়ের অর্ডার পেয়েছি। আশা করছি আগামী সপ্তাহ থেকে পুরো দমে কাজের চাপ বাড়বে। এগুলো সেলাই করতে অনেক সময়ের প্রয়োজন। প্রতিদিন এক একজন কারিগর আকার ভেদে ৪ থেকে ৬টি পোশাক সেলাই করছেন। এতে মজুরি পাচ্ছে ৭০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। ডিজাইনের ওপর নির্ভর করে মজুরি নেয়া হচ্ছে।
আরও পড়ুন:যশোরে আরেক প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়া আর নেই
