নিজস্ব প্রতিবেদক
যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জুয়েলের বাবা কাজী আলমগীরকেও আটক করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় পালিয়ে যান জুয়েল।
শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া গ্রামে জুয়েলের সীমানাপ্রাচীরঘেরা দোতলা বাড়ি ও পাশের টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির সঙ্গে সংযুক্ত টিনশেড রান্নাঘরের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
এদিকে, আটক কাজী আলমগীরকে যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন ওরফে আলম কাজীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় জুয়েলকে আসামি করে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানে ডিবির এসআই মো. কামাল হোসেন, এসআই রকি মণ্ডল, এসআই বাবলা দাস ও এসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
সর্বশেষ
- যশোরে রান্নাঘরের চালে লুকানো বিদেশি পিস্তল-গুলি, পালালেন ছাত্রলীগের নেতা জুয়েল
- ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুছা মাহমুদ আটক
- যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় আ.লীগ নেত্রী মহুয়া কারাগারে
- আয়াতুল কুরসি লেখা নেকলেসে বিপাকে কারিনা!
- সময়ের সেতুতে প্রাচীন ভারতীয় জ্ঞান ও সাহিত্য
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে যশোরে রাজপথে গণপ্রতিরোধের ঘোষণা
- যশোরের স্বাস্থ্যসেবায় নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- নিষিদ্ধ ছাত্রলীগের সহিংস কর্মসূচি, অবরোধের নামে সহিংসতা, আগুনে ঝরল প্রাণ
