নিজস্ব প্রতিবেদক
এবার যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে আট বছর ও দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরখোলা ও ধলীরগাতী গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
দুই শিশু হলো হোসাইন সরদার (৮) ও নূর আবরার (এক বছর ৬ মাস)। হোসাইন সরদার উপজেলার সরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে এবং নূর আবরার উপজেলার ধলীরগাতী গ্রামের নূর জামানের ছেলে।
এর আগের দিন রোববার দুপুরে জেলার ঝিকরগাছার নাভারণ দক্ষিণপাড়া পুকুরে গোসল করতে গিয়ে সৈকত (১২) ও পরশ (১৩) নামে দুই খালাতো ভাই ডুবে মারা যায়।
অভয়নগরের সরখোলা হোসাইন সরদারের বাবা আকরাম সরদার জানান, আমার দুই ছেলে হাসান সরদার (১০) এবং হোসাইন সরদার সোমবার দুপুর একটার দিকে নতুন খনন করা বাড়ির পুকুরে গোসল করছিল। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে হোসাইন পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে থাকে। হাসান দৌড়ে বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন মিলে দ্রুত পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নূর আবরারের বাবা নূর জামান জানান, নূর আবরার কেবল হাঁটতে শিখেছে। সোমবার দুপুরে সে বাড়ির উঠোনে খেলছিল। তার মা এ সময় রান্না করছিল। দুপুর দেড়টার দিকে নূর আবরারকে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেল তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
