রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট—শহীদদের স্মরণে প্রতীকী অন্ধকারে থাকবে দেশ
নিজস্ব প্রতিবেদক
একাত্তরের ভয়াল ২৫ মার্চের নৃশংস গণহত্যার স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে।
সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এছাড়া দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।
উল্লেখ্য, ২৫ মার্চের এই প্রতীকী অন্ধকার একাত্তরের সেই কালরাতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পালন করা হবে।
