কল্যাণ ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটি রাজবাড়ী থেকে ঢাকা যাওয়ার পথে ছিল এবং এতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাসটি ফেরিতে উঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। ঢাকা সদর দপ্তর থেকেও আরও ডুবুরি দল পৌঁছাচ্ছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল পাঁচটার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘাটে আসে। তখন ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় বাসটি অন্য ফেরির জন্য অপেক্ষা করছিল। সোয়া পাঁচটার দিকে ‘হাসনা হেনা’ নামক একটি ছোট ইউটিলিটি ফেরি এসে পন্টুনে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
তিনি আরও জানান, বাসের ভেতরে নারী-শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী তীরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। বাস উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ফেরি ঘাটে পৌঁছে উদ্ধার কার্যক্রমের অপেক্ষা করছেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা বলেন, “এ মুহূর্তে মন্তব্য করার মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিস্তারিত বলা যাবে।”
ঘাট সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া বাসটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কাজ শুরু করেছে। ডুবুরি দলও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে।
