নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ৪ জন, স্বতন্ত্রভাবে ৪ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কয়েকটি বিচ্ছিন্ন সহিংস ঘটনাও ঘটেছে। নৌকা প্রতীকের নির্বাচিতরা হলেন, প্রেমবাগ ইউপিতে অধ্যাপক মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নে কপিল রায় বিকাশ, পায়রা ইউপিতে হাফিজুর রহমান বিশ্বাস ও শ্রীধরপুরে নাসির উদ্দিন।
স্বতন্ত্রভাবে চলিশিয়া ইউপিতে আনারস প্রতীক নিয়ে সানা আ: মান্নান, বাঘুটিয়া ইউপিতে তৈয়েবুর রহমান মোটর সাইকেল, শুভরাঢ়া ইউনিয়নে জহুরুল হক চশমা, সিদ্দিপাশা ইউনিয়নে আবুল কাসেম মোটরসাইকেল বেসরকারিভাবে নির্বাচিত হন।
নির্বাচন চলাকালে বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট ছিনিয়ে নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিযন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে। এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল বলেন, বেলা ১১ টার পরে এই কেন্দ্রে একটি বিছিন্ন ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এক রাউন্ড পাকা গুলি ছোড়া হয়। শুভরাঢ়া ইউনিয়নের বাশুয়াড়ী কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। কর্তব্যরত পুলিশ জানায়, এ কেন্দ্র একটি বিছিন্ন ঘটনায় হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তিন রাউন্ড পাকা গুলি ছোড়া হয়েছে।
অভয়নগরের অন্যান্য ইউনিয়নে উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা ঘটেনি। প্রেমবাগ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হলেও বাকি ৭ টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট হয়েছে।