নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স এলটি মার্কেটিংয়ের এমডি ও চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। যশোর আইটি পার্কের সিয়াস টেলিকমের মালিক কাশেম আলী এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন এলটি মার্কেটিংয়ের এমডি খোরশেদ আলম, চেয়ারম্যান শামীম হোসেন, নড়াইলের লোহাগাড়ার মরিচপাশা গ্রামের মামিদুর রহমান হামিম ও চট্টগ্রাম শহরের দেব পাহাড় কলেজ রোডের কামরুল হাসান।
মামলার অভিযোগে জানা গেছে, কাশেম আলীর যশোর আইটি পার্কের মোবাইল ও মোবাইল পার্সের ব্যবসায়ী। দোকান থেকে মোবাইল ক্রয়ের সূত্র ধরে আসামি খোরশেদ আলম ও শামীমের সাথে পরিচয়। আসামিদের সাথে সম্পর্কের একপর্যায়ে তারা নিজেদের ই-কর্মাস এলটি মার্কেটিংয়ের কর্মকর্তা পরিচয়ে বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন। একপর্যায়ে কাশেম আলী ২০২১ সালে কয়েক কিস্তিতে ১১ লাখ ৯০ হাজার ৬০০ টাকা বিনিয়োগ করেন তাদের প্রতিষ্ঠানে। বিনিয়োগের পলিসি অনুযায়ী লভ্যাংশ চাইলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে আসামিদের কথাবার্তায় সন্দেহ হলে ঢাকার প্রধান কার্যালয়ের ঠিকানায় যেয়ে দেখেন ই-কর্মস এলটি মার্কেটিংয়ের কোন অফিস নেই। এরপর কাশেম আলী প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ঝিনাইদহে আসামি খোরশেদ আলমের বাড়িতে যান। এলাকায় বিষয়টি জানাজানি হলে খোরশেদ ঢাকার ফ্লাট বিক্রি করে টাকা পরিশোধ করবে বলে অঙ্গীকার করে। আসামিদের কাছে টাকার তাগাদা করায় গত ২১ মার্চ আসামিরা দোকানে এসে টাকা দিতে পারবেনা বলে হুমকি দিয়ে যায়। টাকা আদায়ে ব্যর্থ হয়ে বুধবার তিনি আদালতে এ মামলা করেন।