নিজস্ব প্রতিবেদক
সকাল থেকেই ভোটারদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার সকালে নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া থেকে দিনের প্রচারণা শুরু করেন তিনি। সাহাপাড়ায় প্রবেশের সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ফুল ছিটিয়ে এবং উলুধ্বনির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় সাহাপাড়ার বাসিন্দারা অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম নির্মিত এলাকার একমাত্র রাস্তাটি সংস্কারের জোর দাবি জানান। তারা বলেন, রাস্তা নির্মাণের পর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তাদের নিরাপত্তা ও সুরক্ষায় অনিন্দ্য ইসলাম অমিত এবং তার দলের ভূমিকার প্রশংসা করেন। নির্বাচিত হলে সাহাপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন তিনি।
সাহাপাড়ার বাসিন্দাদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি এবং আমার দল সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমার প্রয়াত পিতার সঙ্গে আপনাদের নিবিড় সম্পর্ক ছিল। রাজনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও বন্ধুর মতো আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো—ইনশাআল্লাহ।”
দিনব্যাপী অনিন্দ্য ইসলাম অমিত নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন।
