ভবিষ্যতে দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়ার
নিজস্ব প্রতিবেদক
এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমজ দুই বোন সাবিহা রহমান ও সামিহা রহমান। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই অর্জন করেছে কাঙ্ক্ষিত জিপিএ-৫। দুই বোনের এমন সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
জমজ দুই বোনের অভিন্ন এই সাফল্য ইতোমধ্যে এলাকায়ও প্রশংসা কুড়িয়েছে। পড়াশোনায় নিয়মিত মনোযোগ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা এই ফলাফল অর্জন করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সাবিহা ও সামিহার বাবা সাইদুর রহমান খোকন একজন ব্যবসায়ী এবং মা শারমিন রহমান গৃহিণী। তারা যশোর শহরের হাজী আব্দুল করিম রোড, চুড়িপট্টি এলাকার বাসিন্দা।
মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা জানান, তাদের এই অর্জনের পেছনে রয়েছে দুই মেয়ের নিরলস পরিশ্রম ও অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতা। ভবিষ্যতে তারা উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের জন্য কাজ করবে—এটাই তাদের প্রত্যাশা।
তবে শুধু ভালো ফলাফল অর্জন করেই থেমে যেতে চায় না সাবিহা ও সামিহা। ভবিষ্যৎ নিয়েও তাদের রয়েছে অভিন্ন স্বপ্ন। বড় হয়ে দুজনেই চিকিৎসক হতে চায়। মানুষের সেবা করার পাশাপাশি নিজেদের স্বপ্ন পূরণে তারা আগামী দিনে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চায়।
জমজ দুই বোনের এই অসাধারণ সাফল্যে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে শুভকামনা জানিয়েছেন সবাই।
