ইতিহাস-ঐতিহ্য ও বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণে ডিজিটাল উদ্যোগ, চালু হলো অনলাইন অটোমেশন ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা
নিজস্ব প্রতিবেদক
২৪২ বছরের পুরোনো প্রতিষ্ঠান যশোর জেলা আইনজীবী সমিতি এবার প্রবেশ করল ডিজিটাল যুগে। দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য, বরেণ্য ব্যক্তিত্ব ও আইনাঙ্গনের বিশিষ্টজনদের তথ্য সংরক্ষণের পাশাপাশি সমিতির প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আধুনিকায়নে চালু করা হয়েছে সমন্বিত ওয়েবসাইট, অনলাইন অটোমেশন সফটওয়্যার ও অ্যাপ। এর মাধ্যমে ধাপে ধাপে নগদ অর্থনির্ভরতা কমিয়ে ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
১৭৮৪ সালে যাত্রা শুরু করা যশোর জেলা আইনজীবী সমিতির রয়েছে দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য। সেই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সমিতির ইতিহাস, ঐতিহ্য, বরেণ্য ব্যক্তিত্ব এবং বিশিষ্ট আইনজীবীদের জীবন ও কর্মের তথ্য ডিজিটাল তথ্যভান্ডারে যুক্ত করা হচ্ছে।
এই তথ্যভান্ডারে স্থান পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান, শহীদ মশিয়ুর রহমান, সুশীল কুমার রায়, সৈয়দ আমীর আলী, আব্দুর রশিদ খান, হাবিবুর রহমান, রওশন আলী, শেখ হাসান ইমাম, কাজী তৌহিদুর রহমান, আব্দুল হক, নুর ইসলাম, কাজী আব্দুস শহীদ লাল ও এ কে মনজুরুল হক,আজিজুর রব খানসহ যশোরের আইনাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা। পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য এতে যুক্ত করা হবে।
শুধু ব্যক্তিত্বদের তথ্যই নয়, সমিতির ২৪২ বছরের পুরোনো গ্রন্থাগারে সংরক্ষিত আইনবিষয়ক দুর্লভ গ্রন্থের তথ্যও ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সমিতির মূল্যবান জ্ঞানসম্পদ ও ঐতিহাসিক দলিল ভবিষ্যৎ প্রজন্মের কাছে সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
ইতিহাস সংরক্ষণের পাশাপাশি সমিতির দৈনন্দিন কার্যক্রমেও আসছে পরিবর্তন। নতুন অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ওকালতনামাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করা যাবে। ফরম বিক্রয়, হিসাব সংরক্ষণ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনও পরিচালিত হবে এই সফটওয়্যারের মাধ্যমে।
সদস্যদের চাঁদা, ফি, ভাড়া, ফরম ক্রয়সহ বিভিন্ন আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন ও সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে নগদ অর্থের ব্যবহার কমার পাশাপাশি প্রতিটি লেনদেনের হিসাব সহজে যাচাই করা সম্ভব হবে। একই সঙ্গে ডিজিটাল হিসাবরক্ষণ ও অনলাইন ফরম ব্যবস্থাপনার কারণে সময় সাশ্রয় হবে এবং প্রশাসনিক কাজে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি।
১৫ নভেম্বর ২০২৬ তারিখে যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে আয়োজিত অনুষ্ঠানে একটি ডিজিটাল ওকালতনামা বিক্রির মাধ্যমে নতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এইচ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর। অনুষ্ঠানে প্রথম ডিজিটাল ওকালতনামা কেনেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।
এ সময় সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা-১, বাসুদেব বিশ্বাসসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সফটওয়্যারটির উন্নয়ন ও বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দিয়েছে যশোরের প্রযুক্তি প্রতিষ্ঠান উৎসব টেকনোলজি লিমিটেড।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি কেবল একটি সফটওয়্যার চালুর উদ্যোগ নয়; বরং একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ইতিহাস, জ্ঞানসম্পদ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা। ডিজিটাল তথ্যভান্ডার যেমন অতীতের গুরুত্বপূর্ণ স্মৃতি ও অবদান সংরক্ষণ করবে, তেমনি অটোমেশন ও ক্যাশলেস ব্যবস্থাপনা সমিতির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
তাঁদের আশা, প্রযুক্তির এই ব্যবহারে যশোর জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, সদস্যদের ভোগান্তি কমবে এবং দৈনন্দিন কার্যক্রম হবে আরও সহজ ও দ্রুত। দীর্ঘ ২৪২ বছরের ঐতিহ্য ধারণ করে ডিজিটাল ব্যবস্থাপনায় যশোর জেলা আইনজীবী সমিতির এই যাত্রা দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও অনুসরণীয় হতে পারে।
