কল্যাণ ডেস্ক: ব্রেইন স্ট্রোক করে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তার শ্বাস প্রক্রিয়া স্বাভাবিক হওয়ায় গত ৮ নভেম্বর খুলে ফেলা হয়েছে ভেন্টিলেটরও। তবে অসুস্থ হওয়ার ১৮ দিনেও জ্ঞান ফেরেনি তার।
এই অভিনেত্রীর অসুস্থ হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করতেন তার প্রেমিক সব্যসাচী চৌধুরী। তবে হঠাৎ করেই গতকাল শনিবার সন্ধ্যায় ঐন্দ্রিলাকে নিয়ে করা সব পোস্ট ফেসবুক থেকে মুছে দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে গত শুক্রবার মধ্যরাতে দীর্ঘ একটি পোস্ট করেন সব্যসাচী। সেই পোস্টে অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতির আভাস দেন তিনি। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ঐন্দ্রিলা সম্পর্কিত সব পোস্ট মুছে ফেলেন তিনি।
সর্বশেষ পোস্টের শুরুতেই সব্যসাচী লিখেছিলেন, ‘কয়েক হাজার মানুষের নিঃস্বার্থ ভালোবাসার জন্য এতখানি লেখা প্রয়োজন ছিল। একটু কষ্ট করে পড়ে নিও..।’
এর আগে গত ১ অক্টোবর রাতে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন এই ভারতীয় অভিনেত্রী। এর পর থেকে কলকাতার হাওড়ায় একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। গত ১৬ নভেম্বর সকালে ঐন্দ্রিলা শর্মার একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। পরে গত শুক্রবার ফেসবুকে এক পোস্টে আশার বাণী শোনান সব্যসাচী।