ঢাকা অফিস
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য আগামীকাল দিন ধার্য করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
মামলার নথি অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যা-নির্যাতনের আদেশ, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
এর আগে গত ১৭ আগস্ট এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। সোমবার ট্রাইব্যুনাল আগামীকাল রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
