কল্যাণ ডেস্ক: ব্রেইন স্ট্রোক করে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সম্প্রতি খুলে ফেলা হয়েছে তার ভেন্টিলেটরও। তবে অসুস্থ হওয়ার ১৪ দিনেও রোগের সংক্রমণ কমেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ছাড়া এখনো এই অভিনেত্রীর জ্ঞান না ফেরায় উদ্বেগ প্রকাশ করেছেন তার প্রেমিক সব্যসাচী।
গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে সব্যসাচী লিখেছেন, ‘কোনো দিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকলের জন্য প্রার্থনা করুন। সুপার ন্যাচারালের জন্য প্রার্থনা করুন। খারাপ পরিস্থিতিতেও অমানুষিক লড়াই করছে ঐন্দ্রিলা।’
এর আগে গত ১ নভেম্বর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত বুধবার নতুন করে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। তার স্নায়ুজনিত সমস্যা একই রয়ে গিয়েছে। ঐন্দ্রিলার জ্ঞান ফেরেনি। সি প্যাপ ভেন্টিনেশনেই রাখা হয়েছে তাকে। যদিও গত সোমবার বিকেলে ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী জানিয়েছিলেন, আর কোনো ভয় নেই ঐন্দ্রিলার।