নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সামনে থেকে ইয়াবাসহ কিশোরী গ্যাংয়ের দুই সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৃথক অভিযানে তাদের আটক করে। এই ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে পৃথক থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলো, যশোর শহরতলীর তপসীডাঙ্গা গ্রামের ঋষিপাড়ার রুনা খাতুন ওরফে নুসরাত, পালবাড়ি তেঁতুলতলার তাজরিন সুলতানা দিশা, সদরের কাজীপুর গ্রামের নজরুল ইসলাম, চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার রাব্বী রহমান ও পশ্চিম কারিগরপাড়ার আবু বক্কার সিদ্দিক।
পুলিশ জানিয়েছে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সামনে থেকে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ২০ পিস ইয়াবাসহ কিশোরী গ্যাংয়ের সদস্য রুনা খাতুন ওরফে নুসরাত ও তাজরিন সুলতানা দিশা নামে দুই তরুণীকে আটক করা হয়। আটক ওই দুইজন এর আগে চাকু ও ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল।
২০ মে বিকেলে শহরতলীর কাজীপুর গ্রামের মোল্যাপাড়া নিজ বাড়ি থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলামকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পুরিদর্শক মনিরুজ্জামান।
পুলিশ আরো জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গত ২০ মে রাত ৮টার দিকে চৌগাছা-পুড়াপাড়া রোডের খালপাড়স্থ বাহার মিয়া ধানী জমির সামনে থেকে রাব্বী রহমানকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের জাহাতাপ মুন্সির মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিল ও সাড়ে ৮ হাজার টাকাসহ আবু বক্কার সিদ্দিককে আটক করে ডিবি পুলিশ। এই দু’টি অভিযানে যশোর কোতোয়ালি ও চৌগাছা থানায় পৃথক মামলা হয়েছে।