আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের বিক্ষোভ, ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা
আলমগীর হোসেন, বেনাপোল প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেনের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভে দুই সংগঠনের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
মিছিল শেষে শ্রমিক নেতারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা শ্রমিকসমাজ মেনে নেবে না। কোনো মহল যদি রাজনৈতিক অস্থিরতা কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চায়, তাহলে শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করবেন।
নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মসংস্থান, ন্যায্য অধিকার ও কর্মপরিবেশের স্বার্থে সচেতন থাকার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তাই শার্শা উপজেলা ও বেনাপোল বন্দরে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে শ্রমিকসমাজ সম্মিলিতভাবে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।
শ্রমিক নেতারা বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বেনাপোলের রাজপথে শ্রমিকদের ব্যাপক উপস্থিতি ও প্রতিবাদী স্লোগানে এলাকায় রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়।
