কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে চিহ্নিত সন্ত্রাসীদের দাবি করা চাঁদা না পেয়ে দুই ছাত্রলীগ নেতাকে অপহরণ করা হয়েছে। পুলিশি তৎপরতায় পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২৭ মে কেশবপুর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কেশবপুরের পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের ছেলে ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ (২২) ও একই গ্রামের ইকরামুল হোসেন (২৩) ২৫ মে সন্ধ্যা ৬ টার দিকে পাঁজিয়া থেকে কেশবপুর আসার পথে পাঁজিয়া সড়কের হারেস খানের ভাটার কাছে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের দুজনকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে বেধড়ক মারপিট করে এবং মুক্তির বিনিময়ে স্বজনদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
মাসুমের চাচাতো ভাই নাজমূল হোসেন জানান, চিহ্নিত সন্ত্রাসী মধ্যকুল গ্রামের টিটো মোড়ল ও শেখ জামাল, পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের ইমরান হোসেন, মাদারডাঙ্গা গ্রামের মতিন সরদার ও মণিরামপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন প্রায়ই তাদের কাছে চাঁদা দাবি করতো। চাঁদার টাকা না দেয়ায় অস্ত্রের মুখে মাসুম বিল্লাহ ও ইকরামুল হোসেনকে অপহরণ করে এবং দুই পরিবারের কাছে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। অপহরণের বিষয়টি তাৎক্ষণিকভাবে কেশবপুর থানা পুলিশকে জানালে পুলিশের ব্যাপক তৎপরতায় রাত ১১ টার দিকে পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় তাদের দুজনকে ফেলে রেখে চলে যায় অপহরণকারীরা। পরে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এ ঘটনায় ২৭ মে কেশবপুর থানায় মামলা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, অপহরণের খবর পেয়ে ব্যাপক পুলিশি তৎপরতা চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে।