কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গা ঋষিপাড়া এলাকায় জমি দখলে বাধা দেয়ায় এক গৃহবধূ ও তার মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের বালিয়াডাঙ্গা ঋষিপাড়া এলাকার রবিন দাসের একটি জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে এলাকার একটি সংঘবদ্ধ চক্র। চক্রের মূল হোতা কার্ত্তিক দাস ওই জমি দখলে নিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র হুমকি অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় শনিবার (৫ মার্চ) কার্ত্তিক দাসের নেতৃত্বে একই গ্রামের অলোক দাস ও পাতা দাসীসহ একদল ব্যক্তি জমি দখলের লক্ষ্যে রবিন দাসের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় ঠেকাতে আসলে রবিন দাসের স্ত্রী রানী দাসী (৫০) ও মেয়ে স্বপ্না দাস (২৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এতে মা ও মেয়ে গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।