নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের ইদ্রিস আলী মোল্লা নামে এক যুবককে অপহরণ করে তার পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগে রোববার আদালতে মামলা হয়েছে। ২ জনকে আসামি করে মামলাটি করেছেন ইদ্রিস আলী মোল্লার ভাই ইসরাফিল হোসেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, বরিশালের তুহিন হোসেন ও কুমিল্লার রবিউল ইসলাম।
মামলায় ইসরাফিল হোসেন অভিযোগ করেছেন, তার ভাই ইদ্রিস আলী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তেলেবু এলাকায় যান। সেখানে তিনি ব্যবসা করতে থাকেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। তাছাড়া পরিবারের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিলো। গত ৩০ জুন সকালে ইদ্রিস আলী মোল্লা রূপগঞ্জের তেলেবু এলাকা থেকে বাসে ওঠেন বাড়ি যাওয়ার জন্য। মোবাইল ফোন করে পরিবারের লোকজনকে জানিয়েছিলেন, দুপুরের মধ্যে তিনি বাড়ি ফিরে আসবেন। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও ইদ্রিস আলী মোল্লা বাড়ি ফিরে আসেননি। পরে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার নম্বর বন্ধ পান। এ ঘটনার পর গত ৪ জুলাই বরিশালের তুহিন নামে এক ব্যক্তিকে পরিবারের কাছে মোবাইল ফোন করে জানান, ইদ্রিস আলী মোল্লা তাদের হেফাজতে আছেন, ভালো আছেন। এ সময় ইদ্রিস আলী মোল্লার পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন তুহিন নামে ওই ব্যক্তি। এরপর তুহিন আর কোনো যোগাযোগ করেননি। এ ঘটনার পর ১৩ জুলাই কুমিল্লার রবিউল নামে আরেক ব্যক্তি ইদ্রিস আলী মোল্লার ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহার করে পরিবারের কাছে চাঁদার টাকা দিতে বলেন। চাঁদার টাকা দিলে দ্রুত ইদ্রিস আলী মোল্লাকে মুক্তি দেওয়া হবে বলে তার পরিবারকে জানিয়েছেন রবিউল। এ কারণে ইদ্রিস আলী মোল্লাকে উদ্ধারের জন্য আদালতে মামলা করেছেন তার ভাই ইসরাফিল হোসেন।
