ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মত অনুষ্ঠিত নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপে বাজছে শেষের বাঁশি। ৬২ ম্যাচ শেষে ৩০টি দলের বিদায়ে এখন কেবল শ্রেষ্ঠত্বের মুকুট পরিধানের অপেক্ষায় দু’দল। বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল আজ।
রোববার (১৩ জুলাই) নিউ জার্সির সাড়ে ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও চেলসি।
গত মে মাসের শেষে মিউনিখে ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। সেই অনুভূতিকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে শিরোপার মঞ্চে প্যারিসের জায়ান্টরা। ফাইনালে চেলসির বিপক্ষে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই সাথে অভাবনীয় এক অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফরাসি জায়ান্টরা। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে পারলে ২০২৪-২৫ মৌসুমে সবগুলো শিরোপা ঘরে তোলার কৃতিত্ব অর্জন করবে পিএসজি। ফরাসি লিগ ওয়ান ও ইউরোপিয়ান শিরোপার পাশাপাশি এখন বিশ্ব শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে তারা।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, শুরু থেকেই এই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। এই ধরনের কৃতিত্ব অর্জন করা সবসময়ই কঠিন। খুব অল্প সংখ্যক দলই এই ধরনের কৃতিত্বের ভাগীদার হয় কিংবা অর্জনের চেষ্টা করে। আমরা মোটেই অতি আত্মবিশ্বাসী নই। এই টুর্নামেন্টে বেশীরভাগ ম্যাচেই আমরা ফেবারিট ছিলাম। বলতে গেলে পুরো মৌসুমেই আমরা ভাল খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে কি হয় তা সময়ই বলে দিবে।
