সুন্দলী প্রতিনিধি: ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম আমডাঙ্গা খালের স্ল ইচগেট দীর্ঘ ৪ মাস বন্ধ রয়েছে। গেটম্যানের মাসিক ভাতা না দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফলে শুষ্ক মৌসুমেও আমডাঙ্গা দিয়ে বের হওয়া ৬ টি বিলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
এলাকার বিলগুলোতে এখনো পানিতে ভরে আছে।ঘেরের পাড় না জাগায় মাছ ধরতে পারছেন না মৎস্যচাষিরা। বোরো আবাদ হয়নি প্রায় ২০ হাজার হেক্টর জমিতে।
আমডাঙ্গা খালের ৬ টি গেটই বন্ধ রয়েছে। গেট অপারেটর রাজু আহমেদ বলেন, গত ৬ মাস পাউবো আমাকে বেতন দেয় না। বিনাবেতনে কি আর কাজ করতে ভালো লাগে? সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল অনেক আগে এসে গেট বন্ধ করে গেটের চাবি নিয়ে গেছেন। সেই থেকে বন্ধ আছে আমডাঙ্গা খালের গেটগুলো। ফলে মোটেও পানি নিষ্কাশিত হচ্ছে না।
জোয়ার- ভাটার সময় গেটের কপাট ওঠা নামানোর জন্য পাউবো গেট অপারেটর নিয়োগ দিয়ে থাকে। কিন্তু চার মাস বন্ধ থাকায় গেটগুলোতে মরিচা ধরে প্রায় অচল আবস্থার সৃষ্টি হয়েছে।