নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়াতে যশোরে গানে গানে ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়েছে। গতকাল ব্যতিক্রমী এ আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন তীর্যক যশোর ও মৈত্রী ভলান্টিয়ার্স নামে এক মানবিক সংগঠন। এদিন বিকেলে পৌর পার্কে তীর্যক যশোরের নিজস্ব কার্যালয়ে বন্যার্তদের জন্য মানবিক সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর যশোর টাউনহল ময়দানে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কনসার্টের আয়োজন করে মৈত্রী ভলান্টিয়ার্স।
তীর্যক সংগৃহীত অর্থ বন্যার্তদের কল্যাণে ব্যয়ের উদ্দেশ্যে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নিকট হস্তান্তর করে। এ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. আবুল কালাম আজাদ লিটু, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন, সহ-সভাপতি প্রশান্ত দেবনাথ, নাট্য সম্পাদক আলমগীর হোসেন বাবু প্রমুখ।
অন্যদিকে একই দিন বিকেলে টাউনহল ময়দানে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে কনসার্টের আয়োজন করেন মৈত্রী ভলান্টিয়ার্স যশোর। এ কনসার্টে বিনা পারিশ্রমিকে বিভিন্ন সংগীত পরিবেশন করেন ঢাকার ডিমোক্রেজি ক্লাউনস্ ও যশোরের ব্যান্ড সমন্বয় নামের দুটি সংগীত সংগঠন।
মৈত্রী ভলান্টিয়ার্স যশোরের নেতৃবৃন্দ জানান, কনসার্ট প্রাঙ্গণে স্বেচ্ছাসেবকদের কয়েকটি টিম গঠন করা হয়। যারা কনসার্ট উপভোগ করতে এসেছিলেন তাদের কোন টিকিট ক্রয় করা লাগেনি। কনসার্টে আগত দর্শকরা বন্যার্তদের জন্য সামর্থ অনুযায়ী স্বেচ্ছাসেবকদের কাছে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
