ঝিনাইদহে নোটারি হলফনামায় বাবার কঠোর সিদ্ধান্ত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে এক বাবা নিজ ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো. আবু জাফর (৪৮)।
হলফনামা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিযোগে তিনি তার ছেলে মো. নাহিদ হাসান সবুজ (২৪)–কে ত্যাজ্য ঘোষণা করেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে পরিবারের অবাধ্য আচরণ করে আসছেন এবং বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না। তিনি আলাদাভাবে নিজের মতো জীবনযাপন করছেন বলেও উল্লেখ করা হয়।
এছাড়া গত ৫ আগস্ট ২০২৪–এর পর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও তার ছেলে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছেন বলে অভিযোগ করেন তিনি। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি বিব্রত বোধ করেন বলে হলফনামায় উল্লেখ করেন।
হলফনামায় আরও বলা হয়, নাহিদ হাসান সবুজের আয়-রোজগার, দায়-দেনা বা ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না এবং ভবিষ্যতে তার সঙ্গে রক্তসম্পর্কীয় ও আইনি সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলেও ঘোষণা দেন আবু জাফর।
এ বিষয়ে মো. আবু জাফর বলেন, “দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজে আমার সন্তান জড়াক, তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি। বাধ্য হয়েই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”
ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো. সাদাতুর রহমান হাদির মাধ্যমে আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
এ বিষয়ে নাহিদ হাসান সবুজের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
