নিজস্ব প্রতিবেদক
জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপের নারী পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। শুক্রবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে নারী বিভাগের ফাইনালে স্বাগতিক যশোর কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি আনসারের সাথে। দুই ইনিংসের ম্যাচে এক ইনিংস পরই হার মেনে নেয় যশোরের টিম ম্যানেজমেন্ট। দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৮-২ পয়েন্ট।
অপরদিকে, পুরুষ বিভাগের উত্তেজনাপূর্ণ ফাইনালে বান্দরবান জেলাকে পরাজিত করে সার্ভিসেস দলটি। প্রথম ইনিংসে ৮-৫ পয়েন্ট এগিয়ে ছিল আনসার। তবে দ্বিতীয় ইনিংসে আনসারের গতির সাথে পেরে ওঠেনি বান্দরবান। এই ইনিংসে ৬ পয়েন্ট অর্জন করতে পারে তারা। তখন আনসারের সামনে জয়ের জন্য প্রয়োজন ছিল চার পয়েন্ট। তিন মিনিট শেষ হতে হতে সেই কাজ দারুণভাবে করে আনসারের খেলোয়াড়রা।
অন্যদিকে পুরুষ বিভাগের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নাটোরের কাছে ১২-১১ পয়েন্টে হেরেছে স্বাগতিক যশোর।
তবে এই ফল নিয়ে খুশি যশোরের নারী দলের কোচ সেলিম রেজা। তিনি বলেন, আমরা গত আসরের সাফল্য ধরে রাখতে চেয়েছিলাম। সেটা পেরেছি। ফাইনালে আনসারের কাছে হারলেও টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে। বিশেষ করে নতুন হিসেবে তামান্না আক্তার অসাধারণ খেলেছে। তামান্ন আক্তার উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া হয়েছে। যদিও আগে থেকে এ পুরস্কারের ঘোষণা ছিল না।
পুরস্কারের পর তামান্না বলেন, জাতীয় চ্যাম্পিয়নশীপে খেলার জন্য দীর্ঘদিন প্রাকটিশ করেছি। কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী এখন জাতীয় দলের খেলার স্বপ্ন দেখছেন।
পুরুষ বিভাগের ফাইনাল সেরা হয়েছে বান্দরবানের মং পং। টুর্নামেন্ট সেরা হয়েছেন আনসারের রবিউল। অপরদিকে নারী বিভাগের ফাইনাল সেরা হয়েছে সুমাইয়া ও টুর্নামেন্ট সেরা হয়েছে সুরভী। দুজনই চ্যাম্পিয়ন আনসার দলের খেলোয়াড়।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সভাপতি খায়রুল কবির চঞ্চলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।
ক্রীড়া সংগঠক নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যশোর খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। তিনি ১৫ দিনের মধ্যে যশোরে খো খো প্রশিক্ষণ ক্যাম্প করার ঘোষণা দেন।
বাংলাদেশ খো খো ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার সপ্তম আসরে সার্ভিসেস টিম আনসার ও ভিডিপিসহ ২২ টি দল অংশ গ্রহণ করে। এর মধ্যে পুরুষ বিভাগে ১৩ ও নারী বিভাগে ৯টি দল।
