নিজস্ব প্রতিবেদক: পঞ্চাশতম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়ার প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। বুধবার প্রথম দিনে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট ও নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট মাঠে হয়েছে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
ছাত্র ভলিবলে জেলার চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা মাধ্যমিক বিদ্যালয়। কায়েমখোলা ২-০ সেটে মণিরামপুরের কাপালিয়া মাধ্যমিক পরাজিত করে। দুই সেটে পয়েন্টের ব্যবধান ছিল ১৫-১২ ও ১৫-৯।
ছাত্রী ভলিবলে বরাবরের ন্যায় এবারও জেলার শীর্ষস্থান দখল করেছে যশোর সদরের আদর্শ বালিকা বিদ্যালয়। তারা ১৫-৪ ও ১৫-২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ঝিকরগাছা উপজেলার সম্মিলনী উচ্চ বালিকা বিদ্যালয়কে।
ছাত্র ব্যাডমিন্টন এককে অভয়নগর উপজেলার বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সোহান উদ্দিন সানি চ্যাম্পিয়ন হয়েছে। সে ১৫-১৩, ১২-১৫ ও ১৫-১১ পয়েন্টের ব্যবধানে হারায় ঝিকরগাছা উপজেলার এম এল মাধ্যমিক বিদ্যালয়ের আরাফাত রহমান রাসেলকে।
এদিকে ছাত্র ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয়, শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর উপজেলার তেঘরি মাধ্যমিক বিদ্যালয় ও মণিরারমপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
দিনের প্রথম ম্যাচে চৌগাছা উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৪৩ রান করে। পরে ব্যাট করতে নেমে ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় এক উইকেট হারিয়ে ৪৭ রান করে।
দ্বিতীয় ম্যাচে শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে তিন উইকেটে ৩৪ রান করে অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়।
তৃতীয় ম্যাচে বাঘারপাড়া উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় ছয় ওভারে ৪৬ রান সংগ্রহ করে। পরে ব্যাট করে এক উইকেট হারিয়ে কেশবপুর উপজেলার তেঘরি মাধ্যামিক বিদ্যালয় জয় পায়।
দিনের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে চার উইকেট হারিয়ে ৯১ রান করে বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ। পরে ব্যাট করে পাঁচ ওভার পাঁচ বলে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মণিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়।