নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে যশোরের ঝিকরগাছায় দুই পক্ষের মারামারিতে সাত জন আহত হয়েছে। বুধবার উপজেলার শংকরপুরে এ ঘটনা ঘটে। এতে ঝিকরগাছার শংকরপুরের শফিউল ইসলাম (৩৩), সিরাজুল ইসলাম (৪১), শহিদুল ইসলাম (৫০) ও সাজিদুল ইসলাম (২২) আহত হয়েছেন। অপরপক্ষের আহত হয়েছেন শার্শার সমন্ধকাঠির খোকন হোসেন (৪২), মোসলেম উদ্দিন (৪১) ও মোহাম্মদ ইসলাম (৫২)।
স্থানীয়রা জানান, ঝিকরগাছার শংকরপুরের শফিউল, সিরাজুল, শহিদুল, সাজিদুল সাথে পাশের গ্রাম সমন্ধকাঠির খোকন, মোসলেম ও ইসলামের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে মারামারিতে উভয়পক্ষের সাতজন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, মারামারিতে আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, ঝিকরগাছা শংকরপুরে জমি নিয়ে বিরোধে মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।