সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি: রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন তথ্য ছাড়া, যার কাছে যে তথ্য আছে তা দিতে বাধ্য। জনগণের তথ্যের নিশ্চিত করার লক্ষ্যেই এই আইনটি প্রবর্তন করা হয়েছে। দেশে যত আইন আছে, তার মধ্যে বিশেষ বিশেষ আইন হলো তথ্য অধিকার আইন ২০০৯। তথ্য অধিকার আইন বিষয়ক ঝিনাইদহে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এই আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে জেলা উপজেলায় যাচ্ছি। জনগণ সকল ক্ষমতার উৎস। মানুষ যেন তার অধিকার সম্পর্কে জানতে পারে। সাংবাদিকদের কাজ হলো অন্ধকারে লাইট মারা। আর সেখান থেকে তথ্য বের করে আনাই হলো সাংবাদিকতা। তবে কাজটি সহজ নয়। মানুষ নেতিবাচক বিষয়টি বেশি পড়তে চায়। এজন্য সাংবাদিকদেরও এই দিকে আগ্রহ থাকে বেশি।
সোমবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝিনাইদহ জেলা প্রশাসন ও তথ্য কমিশন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা বেগম। অনুষ্ঠানে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম ও পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু উপস্থিত ছিলেন।