কল্যাণ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল। তবে মোটরসাইকেলে থাকা তিন আরোহী পালিয়ে গেছেন।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)। তারা দুজনই অটোরিকশাচালক।
বিজিবি জানায়, শনিবার রাতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ওই এলাকায় পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান শুরু করেন বিজিবি সদস্যরা।
অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে চালকেরা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। এ সময় সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। একপর্যায়ে মোটরসাইকেল ফেলে অন্ধকারে পালিয়ে যান তিন আরোহী।
পরে অটোরিকশা দুটি বিজিবি সদর দপ্তরে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক এবং ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪টি গুলি। আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল, তিন কেজি পেরেক, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স এবং ৫৪টি দিয়াশলাইয়ের বাক্সও জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আটক দুই ব্যক্তি, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক এবং জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
