অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার বিকেলে শহরের মনিহার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট করেছে। তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ কিংবা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।
তাঁরা বলেন, বিগত ১৭ বছর যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িত অনেকেই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, পাড়া-মহল্লায় সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস বা বন্ধুত্ব হতে পারে না। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। এ সময় তাঁরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
