আসামি করার কথা জানেন না বাদী
নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদকে আসামি করা হয়েছে। তবে মামলার বাদী শহিদুল ইসলাম দাবি করেছেন, তিনি সব আসামিকে চেনেন না। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান কয়েকজনের নাম লিখে এনে তাঁকে দিয়ে মামলার এজাহারে স্বাক্ষর করিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্রেসক্লাবের বিরোধের জেরে ফুয়াদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর সহকর্মীরা। তাঁদের অভিযোগ, প্রেসক্লাব দখলের বিরোধে বাধা দেওয়ায় তাঁকে হয়রানি করতে এ মামলা করা হয়েছে। তবে ওসি অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাদী নিজেই এজাহার দিয়েছেন। তদন্তে কেউ জড়িত না থাকলে তাঁকে বাদ দেওয়া হবে।
গত ১৪ নভেম্বর কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের লিফলেট বিতরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলকোট গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বাদী হয়ে ১৮ নভেম্বর কেশবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলায় আব্দুল্লাহ আল ফুয়াদকে আসামি করা হয়েছে।
মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, ‘আমার বাড়ি মঙ্গলকোট গ্রামে। আমি মামলার সব আসামিকে চিনি না। ওই ঘটনার বিষয়ে কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান কয়েকজনের নাম লিখে এনে আমাকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন।’
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী বলেন, গত ২৬ সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের দিন নির্ধারিত ছিল। তবে ২০ সেপ্টেম্বর একদল ব্যক্তি পেশাদার সাংবাদিকদের মারধর করে প্রেসক্লাব দখল করে নেয়। এরপর থেকে বিরোধের সৃষ্টি হয়েছে। সেই বিরোধের জের ধরে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে বলে তাঁরা মনে করেন।
প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান বলেন, একজন পেশাদার সাংবাদিককে মিথ্যা ও সাজানো মামলায় আসামি করায় তাঁরা মর্মাহত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
বর্তমান কমিটির সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী বলেন, ব্যক্তিগত আক্রোশের কারণে ফুয়াদকে মামলায় আসামি করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। এ ঘটনায় তাঁরা আতঙ্কিত।
সহকর্মীরা জানান, আব্দুল্লাহ আল ফুয়াদ প্রায় দেড় যুগ ধরে সাংবাদিকতা করছেন। তিনি প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের দাবি, লিফলেট বিতরণের ঘটনার সঙ্গে ফুয়াদের কোনো সম্পৃক্ততা নেই। প্রেসক্লাবের বিরোধের কারণে তাঁকে মামলায় জড়ানো হয়েছে।
তাঁরা আরও জানান, প্রেসক্লাব দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। তাঁদের অভিযোগ, ওই বিরোধের জেরেই ফুয়াদকে মামলায় আসামি করা হয়েছে। তাঁরা মামলার নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান। তিনি বলেন, ‘মামলার বাদী একজন সাধারণ নাগরিক। তিনি বাদী হয়ে এজাহার দিয়েছেন, সেই এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত না থাকলে তাঁকে বাদ দেওয়া হবে।’
