আবদুল্লাহ আল মামুন, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিচেলী বোঝায় ট্রলির ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত খোন্দকার আব্দুস ছাত্তারের ছেলে।
নিহতের ছেলে জিয়ারুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে খালি ভ্যান নিয়ে চৌগাছা যশোর সড়কের ব্র্যাক অফিসের নিকটে দাড়িয়ে ছিলেন নজরুল ইসলাম। এসময় একটি বিচেলী বোঝাই ট্রলি পিছন থেকে তার ভ্যানে ধাক্কা দিয়ে তাকে পার্শ্ববর্তী গাছের সাথে চেপে ধরলে তিনি ঘটনাস্থলে মারা যান। তিন ছেলে ও তিন মেয়ের জনক নজরুল ইসলাম।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।