নিজস্ব প্রতিবেদক
যশোরের ডাকাতিয়া গ্রামে চঞ্চল হত্যা মামলায় গ্রেফতার পিতা-পুত্রকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন, ওই গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে মুন্না। ঘটনার দিন থেকে তারা আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে শনিবার তাদের থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
এরআগে গত বৃহস্পতিবার সকালে ডাকাতিয়া গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চঞ্চল নামে এক যুবক নিহত হয়। এই ঘটনায় উভয় পক্ষের ৬জন আহত হয়। এই ঘটনায় চঞ্চলের মা হাসিনা বেগম কোতোয়ালি থানায় ৭জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার দিন হাসপাতাল থেকে বিল্লাল নামে এক যুবক এবং বিকেলে ডাকাতিয়া গ্রাম থেকে রুপালী নামে এক গৃহবধূকে আটক করা হয়েছিল। ওই দুইজনকে শুক্রবার আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল। আর রবিউল ও তার ছেলে মুন্নাকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। এই নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম জানিয়েছেন, চারজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরে রিমান্ড চাওয়া হবে। বাকি পলাতকদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।
