নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যের ধারাবাহিকতায় তালপাতায় মাতৃভাষায় বর্ণ লিখে শিক্ষা জীবনের হাতেখড়ি হল যশোরের ২শ’র অধিক কোমলমতি শিশুর। উদীচী যশোরের আয়োজনে হাতেখড়ি উৎসবে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিবর্গ শিশুদের হাত ধরে তালাপাতার উপর লিখে তাদের বিদ্যা অর্জনের শুভ সূচনা করেন।
শনিবার সকালে শহরের পৌর উদ্যানে বসেছিল শিশুমেলা। কনকনে শীতা উপেক্ষা করে শিশুমেলায় স্বতঃপ্রণোদিত হয়ে উপস্থিত ছিলেন অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার আলোকিত মানুষেরা। এই আলোকিত মানুষের হাত ধরেই আলোকিত জীবন গড়ার প্রত্যয় নিয়ে শিশুরা শিক্ষাজীবনের শুরুতে হাতেখড়ি নেয়।
জাতীয় সংগীত ও উদীচী সংগীতে শুরু হয় এ উৎসব। উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় তিনি বলেন, স্কুল জীবনে জ্ঞানার্জনের শুরুতে সার্বজনীন এমন আয়োজন উপস্থিত কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, স্কুল জীবন শিক্ষাজীবন যেন বোঝা না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এ শিক্ষায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে শিশুদের শিশুর মতো বড় হতে দিন। তিনি বলেন, সব কিছুতে প্রথম হতে হবে এমন মানসিক চাপ দিয়ে বড় করে তোলার প্রয়াস শিশুদের সুকুমার প্রবৃত্তি প্রকাশ বাধাগ্রস্ত হয়, যা কোনো অভিভাবকের কাম্য হতে পারে না। তিনি শিক্ষার শুরুতে শিশুদের নিয়ে এমন আয়োজন করায় উদীচীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র হায়দার গণী খান পলাশ, উদীচী যশোরের অন্যতম উপদেষ্টা ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, গ্রামের কাগজের সম্পাদক মোবিনুল ইসলাম মবিন, অক্ষর শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ শৈলেশ কুমার রায়।
সভাপতিত্ব করেন উদীচী যশোরের সহ সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। স্বাগত বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।
আয়োজকরা জানান, ২০১১ সাল থেকে উদীচী যশোরের উদ্যোগে হাতেখড়ি উৎসবের আয়োজন হয়ে আসছে। উৎসবে উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীসহ ব্যাপ্টিস্ট চার্চ বিদ্যালয়, প্রগতি বিদ্যালয়, ওয়াইডাব্লিউসিএ নার্সারী স্কুল, সেঞ্চুরি প্রি ক্যাডেট স্কুল ও মৌমাছি স্কুলের ২ শতাধিক শিক্ষার্থী হাতে খড়ি নেয়।
এর আগে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল থেকে অভিভাবকদের হাত ধরে পৌর পার্কে জড়ো হন কোমলমতি শিশুরা। অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে আয়োজকরা শিশুদের হাতে তুলে দেন রঙবেরঙের বেলুন ও ফুল।
আরও পড়ুন:
