নিজস্ব প্রতিবেদক
লেখালেখি মানুষ মনের তাড়নায় করে থাকেন। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ আবার লেখেন মনের আনন্দে। উপন্যাসিক সালমান পারভেজ সবুজ মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের একজন লেখক। বক্তারা এমন মন্তব্য করেছেন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। শুক্রবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোরের সন্তান সালমান পারভেজ সবুজের লেখা ‘তৃতীয় পৃথিবীতে’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর হামিদুল হক শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব।
বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদসহ বরেণ্য ব্যক্তিবর্গ। সঞ্চালনা করেন মালিহা ই তাবাসসুম।
বক্তারা লেখক সম্পর্কে বলেন, একজন ব্যাংকার হিসেবে বই লেখার জন্য যে সময় প্রয়োজন তা তার নেই। কিন্তু সমাজের অন্তরালে তৃতীয় ব্যক্তি যে নিয়ন্ত্রণ করে তার সুন্দর প্রতিচ্ছবি উঠে এসেছে তার লেখনির মাধ্যমে। তার লেখার মধ্যে অর্থনীতির সারল্যতার প্রাধান্যই বেশি।
লেখক সালমান পারভেজ সবুজ বলেন, ‘আমি আমার চিন্তা ভাবনার আলোকে লিখি’। উপন্যাস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘বর্তমানে বিরাজমান পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিচ্যুতির নেপথ্যে প্রকৃত অনুঘটক হিসেবে পুঁজিবাদী এই অদৃশ্য সিন্ডিকেটের প্রভাব কতটা সুদুর প্রসারী তা নিয়েই আমার এই সমসাময়িক উপন্যাস ‘তৃতীয় পৃথিবীতে’।
