নিজসস্ব প্রতিবেদক
যশোরে দশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে বিশেষ বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল যশোর শহরের মুজিব সড়ক ষষ্ঠীতলাপাড়ার মৃত শাহাদৎ হোসেনের মেয়ে লিয়া হোসেন বাদী হয়ে এ মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। আসামি মনোয়ার হোসেন নাটোরের রানীনগর উপজেলার চরবুলাকি গ্রামের বাসিন্দা।
বাদী মামলায় জানিয়েছেন, ২০২২ সালের ২ অক্টোবর দশ লাখ টাকা দেনমোহর ধার্য্যে পারিবারিকভাবে আসামি মনোয়ার হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় কাপড়-চোপড় ও সাজসরঞ্জামসহ সাংসারিক সকল প্রকার মালামাল দেয়া হয় মনোয়ারকে। তবে বিয়ে করে লিয়া হোসেনকে নিয়ে তার গ্রামের বাড়িতে রাখিয়া তিনি কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মাঝেমধ্যে বাড়িতে এসে দশ লাখ টাকা যৌতুকের জন্য লিয়ার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এরপরে লিয়াকে তার পিতার বাড়ি যশোর শহরের মুজিব সড়ক ষষ্ঠীতলাপাড়ায় এনে রেখে চলে যায়। এরপর থেকে আর লিয়াকে নিতে আসেনি। ফলে চলতি বছরের ২১ জানুয়ারি সকাল ১০টার দিকে যৌতুক ছাড়া লিয়াকে নিয়ে সংসার করার জন্য অনুরোধ করা হয় মনোয়ারকে। বেশি যৌতুক নিয়ে অন্যত্র আরো একটি বিয়ে করবে বলে হুমকি দিয়ে চলে যায়। ফলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন সমাধান না হওয়ায় আদালতে এই মামলাটি করা হয়েছে।
