নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বি-বার্ষিক নির্বাচন আজ। শহরের আরএন রোডে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। দীর্ঘ ৭ বছর পর ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। এতে ভোটার তো বটেই আরএনরোড, মনিহার, বকচর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কমিশন সূত্র মতে, এবারের নির্বাচনে কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদ এবং শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ ছাড়াও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ২৫টি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের ভাগ্য নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করবেন ৯৪৩ জন ভোটার।
এদিকে, কোন পরিষদ বা কারা বিজয়ী হতে পারেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা রয়েছে। তবে ভোটারদের বড় অংশ মনে করছেন ক্ষমতা কুক্ষিগত করতে একটি পক্ষ গত ৭ বছর নির্বাচন দেয়নি। ভোটাররা তাদের থেকে মুখ ফিরিয়ে নিবেন। এছাড়া নতুন নেতৃত্বের দিকে সব সময় আগ্রহ থাকে ভোটারদের। এ হিসেবে কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপু পরিষদের অবস্থা সুসংহত।
নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট মো. ইসহক জানান, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
উল্লেখ্য, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১০ ডিসেম্বর। নির্বাচনে শাহিনুর হোসেন ঠান্ডু ও আনোয়ার হোসেন সবুজ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল। নির্বাচনে তারা ২৫টি পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়লাভ করে। আর গোলাম ফারুক লিটন-সায়েম সিদ্দিকী প্যানেল পেয়েছিল ৫টি পদ। এরপর আর ভোট হয়নি।
