নিজস্ব প্রতিবেদক: সেরা কর্মীদের পারফর্মেন্স অ্যাওয়ার্ড দিয়েছে যশোরের প্রাচীন সংবাদপত্র দৈনিক কল্যাণ। সাংবাদিকসহ পত্রিকায় কর্মরতদের কাজের নৈপূণ্যের স্বীকৃতি স্বরূপ কর্তৃপক্ষ তাদের পুরস্কৃত করেছে। মঙ্গলবার সংবাদপত্রটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেরা কর্মীদের ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়।
এদিন সকালে পত্রিকা কার্যালয় চত্বরে কেক কাটা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়।
বার্তা বিভাগ থেকে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন চিফ রিপোর্টার সালমান হাসান। রিপোর্টিং নৈপূণ্যের জন্য তিনি সেরা কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন। ভিডিও বিভাগ থেকে এবার সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন ভিডিও এডিটর আসিফ খান। এডিটিং দক্ষতা ও নৈপূণ্যের কারণে তিনি সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন।
পত্রিকার অনলাইন বিভাগ থেকে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন স্টাফ রিপোর্টার রায়হান সিদ্দিক। অনলাইন নিউজ রিপোর্টিংয়ে নৈপূণ্যে স্বীকৃতি স্বরূপ তাকে সেরা কর্মীর পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া ডেস্কের বাইরে কর্মরত স্টাফ রিপোর্টারদের মধ্যে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন ইলিয়াস উদ্দীন। তার একটিভিডিও প্রতিবেদন দৈনিক কল্যাণের অনালাইন পোর্টালে অর্ধকোটি ভিজিট হওয়ায় তিনি সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন। কম্পিউটার বিভাগ থেকে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন বিভাগটির প্রধান আবু সাঈদ সাগর। যোগদানের পর থেকে বিনা ছুটিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করায় সেরা কর্মী নির্বাচিত হয়েছেন তিনি। পাশাপাশি কর্মনৈপূণ্যের কারণেও তাকে পুরস্কৃত করা হয়েছে।
দৈনিক কল্যাণের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী পর্বে সেরা কর্মীদের পুরস্কার ও সন্মাননা জানানো হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, দৈনিক সংবাদের জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুন উদ দৌলাহ্, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দৌলাহ মিথুন, নির্বাহী সম্পাদক শাহাদাত হোসেন কাবিল ও ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু সেরা কর্মীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।