নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের বিপক্ষে ৩৪৬ রানের রেকর্ড সংগ্রহ করে চৌগাছা ক্রিকেট একাডেমি। বুধবার দল পাল্টেছে; তবে ক্লেমন আছিয়ার বিপক্ষে রান উৎসব করা বন্ধ হয়নি। এদিন উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে মণিরামপুর একাডেমি প্রথমে ব্যাট করে ২৩১ রান সংগ্রহ করে। পরে ক্লেমন আছিয়াকে ৬৫ রানে গুটিয়ে দিয়ে ১৬৬ রানে বড় জয় পেয়েছে তারা। টানা দুই জয়ে লিগের ‘খ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মণিরামপুরের দলটি।
অপরদিকে শামস্-উল-হুদা স্টেডিয়ামে থ্রি ব্রাদার্স ক্লাব যুব সংঘকে ৩৪ রানে গুটিয়ে দিয়ে ২৪৭ রানের বড় জয় পেয়েছে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি।
টসে জিতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত নাসির ও মাসুম ও সানের অর্ধশতকের উপর নির্ভর করে ২৫ ওভারে ৭ উইকেটে ২৮১ রান স্কোর বোর্ডে জমা করে। নাসির ৪৯ বলে ৫টি চার ও এক ছয়ে ৫২ রান করেন। অপরদিকে মাসুম ২৭ বলে করেন ৬৩ রান। মাসুম ৩২ মিনিটে ক্রিজে থেকে মারেন ৭টি চার ও একহালি ছয়ের মার। এছাড়া সান ৩৬ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৬৯ রান করেন। এরপাশে শামীম ১৯ বলে একটি চার ও দু’টি ছয়ে ২৮ ও সজিব আট বলে একটি ছয়ে অপরাজিত ১২ রান করেন।
বল হাতে থ্রি ব্রাদার্সের সাকিন ২৭ রানে এবং কাফি ৩৩ রানে নিয়েছেন তিনটি করে উইকেট। অর্পন বিশ্বাস নিয়েছেন একটি উইকেট।
পরে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে মাত্র ৩৪ রান করতে পারে থ্রি ব্রাদার্স। দলের পক্ষে কোন ব্যাটারই পারেননি দু’অঙ্কের ঘর স্পর্শ করতে। শুন্য হাতে ফিরেছেন ছয় ব্যাটার। সর্বোচ্চ ১৬ রান এসেছে অতিরিক্ত হতে।
বল হাতে ঝিকরগাছার পক্ষে শয়ন ৩.৪ ওভার হাত ঘুরিয়ে আট রানে পাঁচটি, রুম্মন পাঁচ রানে তিনটি ও দু’টি উইকেট নিয়েছেন সান।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩১ রানের দলীয় ইনিংস গড়ে মণিরামপুর ক্রিকেট একাডেমি। পরে জবাব দিতে নেমে ১৭ ওভার তিন বলে ৬৫ রানে গুটিয়ে যায় ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট।
ব্যাট হাতে মণিরামপুরের অর্ধশত রান এসেছে জাবের ও হুরার ব্যাট থেকে। তবে ফিফটির পর কেউ ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ৩৯ বলে ফিফটি করা জাবের শেষ পর্যন্ত ৪২ বলে পাঁচটি চার ও তিনটি ছয়ে ৫৪ রান করেন। অপরদিকে হুরা ৬টি চার ও এক ছয়ে ৫৪ বলে ফিফটির দেখা পান। পরে আরও পাঁচ বলে ৭ রান করতে পারেন হুরা। এই পাঁচ বলে মারেন আরও একটি চারের মার। এর পাশে সাদিকুল ৩১ বলে চারটি চার ও দু’টি ছয়ে ৪৬, রনি আট বলে দু’টি চারে ১৩ ও রায়হান নয় বলে তিনটি ছয়ে ২৩ রান করেন।
বল হাতে ক্লেমনের খালিদ হাসান ৪৫ রানে তিনটি, পিয়াস বর্মন ৪৩ রানে দু’টি ও একটি উইকেট নিয়েছেন সাকিরুল আলম।
ক্লেমনের ব্যাটিং ইনিংসে রাফিদ ৩০ বলে একটি চারে ১০ ও মাহাদি আবির আপন ২৬ বলে চারটি চারে ১৮ রান করেন। বল হাতে মণিরামপুরের রনি তিন ওভার বল করে সাত রানে পাঁচটি, শান্তুনু দু’টি, একটি করে উইকেট নিয়েছেন হাসিব, সাজিদ ও জাবের।