নিজস্ব প্রতিবেদক
যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদের ঘাট দখল করতে না পেরে হয়রানির অভিযোগ উঠেছে। নওয়াপাড়া পৌরসভার দুই কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাজঘাট মাইলপোস্ট এলাকার নাহার ঘাটের সরদার দেবাচার্য্য রায়। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে দেবাচার্য্য রায় জানান, তিনি নাহার ঘাটে ১২ বছর ধরে সরদারি করে আসছেন। তার বিরুদ্ধে কখনই কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠেনি। গত ১৮ এপ্রিল আকিজ এসেনশিয়াল লিমিটেডের ঘাট সুপারভাইজার ওবায়দুর রহমান তার ঘাটে এক ট্রাকে ডিএপি সার বোঝাই করতে বলেন। কিন্তু পরে চালান না দিয়ে সরে পড়েন। এরপর নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর বিপুল শেখ পুলিশ নিয়ে এসে মিথ্যা চুরির অভিযোগ দেন। পরে তাকে এবং শ্রমিকদের চুরির মামলায় ফাঁসানো হয়।
সংবাদ সম্মেলনে দেবাচার্য্য রায় দাবি করেন, নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর বিপুল শেখ ও রেজাউল ওরফে রেজা ফারাজী দীর্ঘদিন ধরে নাহার ঘাটটি তাদের কব্জায় নেয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন। চুরির ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো এরই একটি অংশ। সর্বশেষ গত ২৬ মে তিনি (দেবাচার্য্য রায়) ঘাটে গেলে দুই কাউন্সিলর ও তাদের লোকজন মোটরসাইকেল কেড়ে নিয়ে ‘জ্যান্ত পুড়িয়ে’ হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর বিপুল শেখ বলেন, ঘাটে আকিজ গ্রুপের ৫শ বস্তা পণ্য চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দেবাচার্য্য রায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালসহ তাকে আটক করে। এ ঘটনায় আকিজ গ্রুপের প্রতিনিধি থানায় মামলা করেছেন। এই মামলার সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। কারগার থেকে বেরিয়ে দেবাচার্য্য রায় আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। চাঁদাবাজি কিংবা হত্যার কোন হুমকি দেয়া হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি আরও বলেন, মালিক পক্ষ দেবাচার্য্য রায়কে বহিস্কার করেছে। মালিক যদি তাকে না চায়, আমাদের কি করার আছে ?
