নিজস্ব প্রতিবেদক: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধা শাহিদা বেগমকে মারপিট, স্বর্ণের চেইন ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০ নভেম্বর সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মোড়লপাড়া গ্রামে।
শুক্রবার রাতে এ ঘটনায় মামলা করেন সদরের নরেন্দ্রপুর মোড়লপাড়া গ্রামের সাইফুল ইসলাম। মামলায় আসামি করা হয়েছে ওই গ্রামের মৃত মতিয়ার মোড়লের ছেলে ওলিয়ার মোড়লকে।
মামলায় সাইফুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে ওলিয়ার দীর্ঘদিন ধরে তার পরিবারের লোকজনকে মারপিট খুন জখমের হুমকি দিয়ে আসছে। ওলিয়ার তাদের বসত বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করে। এরই জের ধরে ১০ নভেম্বর সকালে বাড়ি সংলগ্ন জমিতে হাতে লাঠিসহ প্রবেশ করে তার মা বৃদ্ধা শাহিদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এক পর্যায়ে লাঠি দিয়ে মায়ের হাতে পায়ে, বুকে, পিঠে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তিনি (সাইফুল) ঠেকানোর চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়। বৃদ্ধা শাহিদা বেগমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।