নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া গ্রামের ব্যবসায়ীর নামে মিথ্যা অভিযোগে মামলা ও অপবাদ দেয়ায় মানহানির অভিযোগে আদালতে একটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে একই গ্রামের মৃত অনিল কুমার দের ছেলে দুলাল চন্দ্র। বুধবার ব্যবসায়ী দেবু কুমার দে বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, দেবু কুমার দে নারিকেলবাড়িয়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এ বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। আসামি দুলাল চন্দ্র দে প্রতিবেশী দেবু কুমার দের। ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি দুলাল চন্দ্র দে আদালতে একটি মামলা করেন দেবু কুমার দেসহ ৫ জনকে আসামি করে। আদালতে আদেশে ওই বছরের ৯ মে অভিযোগে সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন জমা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরবর্তীতে বাদী তদন্ত প্রতিবেদনের উপর নারাজি আবেদন করলে থানা পুলিশকে পুনঃতদন্তের আদেশ দেন আদালত। থানা পুলিশ পূর্বের ন্যায় একই প্রতিবেদন জমা দেন আদালতে। পর্যায়ক্রমে পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশ পুনঃতদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় অভিযোগে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শেষে বিচারক অভিযোটি খারিজ করে দেন। এরপর থেকে আসামি দুলাল চন্দ্র দে বিভিন্ন জায়গায় মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে। গত ৫ মার্চ বিকেলে দুলাল চন্দ্র দে বাজারে যেয়ে তার দোকানে যেয়ে লোকজনের সামনে জুয়ারোর, প্রতারক, পরসম্পদ আত্মসাতকারীসহ উচ্চস্বরে গালিগালাজ করতে থাকে। যাতে ব্যবসায়ী দেবু কুমার মানহানি হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।