নিজস্ব প্রতিবেদক
যশোরের কুইন্স হসপিটালে মেডিকেল টেকনোলজিস্ট রিপা খাতুনের (২৭) নাকে স্প্রে করে অজ্ঞান করে সোনার অলংকার, টাকা ও মোবাইল ফোনসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার দেড়মাস পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী রিপা খাতুন চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি যশোর শহরের ঘোপ জেল রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, গত ৭ এপ্রিল ডিউটি শেষে বিকেল চারটার দিকে ভাড়াবাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে অজ্ঞাতনামা কিছু লোকজনকে দেখতে পান। তারা তার কাছে গিয়ে কিছু ওষুধ বিক্রির কথা বলে। তিনি প্রথমের রাজি না হলেও পরে তাদের জোরাজুরিতে রাজি হন। সে সময় একজন তার নাকের কাছে একটি স্প্রে করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই ব্যক্তিরা তার শরীর থেকে ও পার্টস থেকে সোনার অলংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ ৩০ হাজার টাকাসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে।
