নিজস্ব প্রতিবেদক
এবার শ্রাবণ-ভাদ্রে যশোরাঞ্চলে প্রত্যাশিত বৃষ্টি হয়নি। তবে আশ্বিনে কিছুটা বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের কারণে বুধবার ও বৃহস্পতিবার থেমে থেকে বৃষ্টি হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটানা বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে বৃষ্টিতে আমন ধানের তেমন ক্ষতি না হলেও আগাম শীতকালীন সবজির ক্ষতির আশংকা করা হচ্ছে।
যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার ৪৬০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে এক লাখ ৩৮ হাজার ৯৪৭ হেক্টর। আমন চাষ বৃষ্টি নির্ভর হলেও এবার সেচ দিয়ে চাষ করতে হয়েছে কৃষকের।
আবহাওয়া অফিস মতে, চলতি বছর (সেপ্টেম্বর মাস পর্যন্ত) যশোরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৬৬ মিলিমিটার। ২০২২ সালে বৃষ্টি হয়েছিল ৬৯৮ দশমিক ৫৭ মিলিমিটার, ২০২১ সালে এক হাজার ৬২ দশমিক ৫৭ মিলিমিটার। গতকালের বৃষ্টিতে শহরের এমএম কলেজ রোড, খড়কি, বেজপাড়া টিবি ক্লিনিক মোড, আনসার ক্যাম্প মোড়, নীলগঞ্জ, বারান্দিপাড়া, ফায়ার সার্ভিসের পেছনের রাস্তা, বকচর হুশতলাসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু হোসেন বলেন, গতকালের বৃষ্টিপাতে আমনের কোন ক্ষতি না হলেও যারা আগাম শীতকালীন সবজির আবাদ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, চলতি মৌসুমে বৃষ্টিপাত অনেক কম হয়েছে। সময়মতো বৃষ্টি না হওয়ায় কৃষকের সেচ খরচ লেগেছে। তবে এখন বৃষ্টিপাত হচ্ছে। এতে করে আর সেচ দেয়া লাগছে না।
