নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রিমিয়ার ডিভিশন পুরুষ হ্যান্ডবল লিগের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ঘোপ ক্রীড়া চক্র। শুক্রবার শেষ হওয়া এবারের আসরেও সেরা হয়েছে দলটি। শুক্রবার সুপার লিগ পর্বের শেষ ম্যাচে তারা ৪৫-১৫ গোলে নবারুণ সংঘকে হারিয়ে পঞ্চমবারের মতো লিগ শিরোপা ঘরে তোলে।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে সুপার লিগ পর্বের শেষ ম্যাচ অলিখিত ফাইনালে রুপ নেয়। তবে ম্যাচটি শেষ পর্যন্ত জমেনি। শক্তিমত্তায় এগিয়ে থাকা ঘোপ ক্রীড়া চক্রের বিপক্ষে ম্যাচের কোন সময়ই মনে হয়নি নবারুণ সংঘ জিততে পারে। তবে প্রথমার্ধে নবারুণ সংঘের অনেক আক্রমণই গোল পোস্টে লাগে, অথবা গোলকিপারের গায়ে লেগে বাইরে যায়। মাঠের লড়াই একপেশে হলেও মাঠের বাইরে ক্লাব কর্মকর্তাদের উত্তেজনা ছিল চোখে পড়ার মত।
প্রথমার্ধেই ঘোপ ক্রীড়া চক্র ২৪-৫ গোলের বড় ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও ২১টি গোল পায় ঘোপের দলটি। অপরদিকে নবারুণ সংঘ গোল করতে সক্ষম হয় ১০টি।
ঘোপ ক্রীড়া চক্রের ফয়সাল ১৪টি, বিল্লাল হোসেন হৃদয় ১০টি, জুবায়ের বিন হোসেন লিমন সাতটি, আল আমিন আকাশ পাঁচটি, মোহাম্মদ আলী দু’টি এছাড়া একটি করে গোল করেছেন বাবু ও রাহুল হাসান।
অপরদিকে নবারুন সংঘের শুভ ছয়টি, লিটন তিনটি, অমিতাভ দু’টি এছাড়া একটি করে গোল করেছেন বোরহান, আব্দুল্লাহ, সোহেল ও আলীবর্দ্দী। লিগ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বিল্লাল হোসেন হৃদয়।
ক্লাবের কর্মকর্তা মাহাতাব নাসির পলাশ জানান, চ্যাম্পিয়ন হওয়ার জন্য সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাতে হয় খেলোয়াড়দের। তারা ধারাবাহিকতা বজায় রেখে বড় বড় জয় পেয়ে শিরোপা আমাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। এছাড়া ক্লাব কর্মকর্তারা প্রতিটি সময় সার্বিক সহযোগিতা দিয়েছেন। লিগ পরিচালনার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও আয়োজকরা লিগ সম্পন্ন করতে পারায় তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যাতে সময় মত লিগের খেলা অনুষ্ঠিত হয় সে বিষয়ে আয়োজকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
শেষে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা দলের সাবেক হ্যান্ডবল খেলোয়াড় স্বপন চন্দ্র।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক রায়হান সিদ্দিকী প্রবাল।
