এক হাজার গ্রামকে শিল্প গ্রাম
তৈরি করা হবে: প্রতিমন্ত্রী স্বপন
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধান উদ্দেশ্য ছিল বাঙালি জাতির জন্য স্বতন্ত্র ভূমি প্রতিষ্ঠা করা। তার দ্বিতীয় লক্ষ্য ছিল বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করা। এজন্য দেশ স্বাধীনের পর সমবায় ভিত্তিক সমাজ করার জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর তা ভিন্ন খাতে ধাবিত করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে পল্লী উন্নয়নে বিআরডিবির মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করা হচ্ছে। এজন্য এক হাজার গ্রামকে শিল্প গ্রাম তৈরি করা হবে। এর মধ্য দিয়ে যে গ্রামে যত পণ্য উৎপাদন হবে, সেই গ্রামকে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়া হবে। ওই গ্রামগুলো থেকে উদ্যেক্তা তৈরি হলে আরো একহাজার গ্রামকে শিল্প গ্রাম হিসেবে তৈরি করা যাবে।
পল্লীতে পল্লীতে জীবিকায়ন শিল্প পল্লী গঠন করি, ২০৪১ এ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি শ্লোগানে বিআরডিবির যশোর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শুক্রবার অনুষ্ঠিত পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের বাস্তবায়ন কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এক হাজার গ্রামকে শিল্প গ্রাম গড়ে তোলার পাশাপাশি সেখান মানুষদের স্বনির্ভর করে দিতে পারলে দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিল্প গ্রাম থেকে অনেক উদ্যোক্তা তৈরি হবে। তারা দেশের অর্থনৈতিক কর্মককান্ডে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিয়ার রহমান বলেন, গ্রামই হবে অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্র। প্রধানমন্ত্রীর এই মূলমন্ত্রকে ধারণ করে পল্লী উন্নয়নে নিজেদের আন্তরিকতার সাথে সম্পৃক্ত করতে হবে। গ্রামের মানুষের জীবন, জীবিকার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামকে অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এক্ষেত্রে কোন অনিয়ম সহ্য করা হবে না, অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে। এজন্য সততা, নিষ্ঠা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন আল নেওয়াজ। এ সময় যশোর, খুলনা, বাগেরহাটর সাতক্ষীরার বিআরডিবির উপপরিচালকরা উপস্থিত ছিলেন।