কল্যাণ ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো দাবি তোলেনি জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনো সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। তার দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে। সুপ্রিম কোর্টের রায়ে কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আশা করছি। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে, উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা করতে হবে, সেটিই তিনি করবেন।
গণভোটের বিষয়ে বিএনপি জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ এনে তিনি বলেন, গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না শুরুর দিকে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। এখন তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে। সেটা হচ্ছে, গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করার দাবি। দুইটা একেবারে আলাদা জিনিস। জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে– সেটা নির্ধারিত হয়। আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো সংস্কার হবে, কীভাবে সরকার পরিচালনা হবে, কীভাবে নির্বাচন সুষ্ঠু হবে, কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে– এসব অনেক বিষয়ে জনগণের সিদ্ধান্ত।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তাহের বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে, এটা বাস্তবায়ন যদি না হয়, তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। তো সে কারণে উনি বলেছেন, আমি যথাযথ উদ্যোগ নেব।
