# পরিদর্শন ছাড়াই প্রতিবেদন, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওয়ার হাউজ পরিদর্শক লুৎফর রহমানের বিরুদ্ধে
# ফায়ার লাইসেন্স নিতে গিয়ে হয়রানির শিকার হাসপাতাল-ক্লিনিক মালিকরা, অভিযোগ অস্বীকার কর্মকর্তার
রুহুল আমিন
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ফায়ার লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অনিয়ম, হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কার্যালয়ের ওয়ার হাউজ পরিদর্শক লুৎফর রহমানের বিরুদ্ধে সরেজমিনে প্রতিষ্ঠান বা ভবন পরিদর্শন না করেই অফিসে বসে পরিদর্শন প্রতিবেদন তৈরি ও জমা দেওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। শুধু তা-ই নয়, অনুকূলে প্রতিবেদন দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ দাবি এবং দাবি অনুযায়ী টাকা না দিলে বিরূপ প্রতিবেদন দেওয়ার ভয় দেখানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় যশোরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বহুতল ভবনের মালিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করার পর নিয়ম অনুযায়ী সেবা পাওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে একপ্রকার জিম্মি হয়ে পড়তে হচ্ছে। অতিরিক্ত অর্থ দিতে রাজি না হলে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
যেভাবে চলে ফায়ার লাইসেন্সের কার্যক্রম :
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বহুতল ভবন পরিচালনার ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ফায়ার লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলার ফায়ার সার্ভিস কার্যালয়ে তা পাঠানো হয়। এরপর নির্ধারিত কর্মকর্তাদের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন অধিদপ্তরে পাঠানোর নিয়ম রয়েছে। পরিদর্শন প্রতিবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অধিদপ্তর থেকে লাইসেন্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়। লাইসেন্সের জন্য নির্ধারিত সরকারি ফি ভবন ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নির্ধারিত হয়।
যশোর জেলা কার্যালয়ে এ ধরনের পরিদর্শন কার্যক্রমের দায়িত্বে রয়েছেন ওয়ার হাউজ পরিদর্শক লুৎফর রহমান ও আবু ইউসুফ পান্না। অভিযোগ রয়েছে, আবেদনকারীদের প্রতিষ্ঠানে গিয়ে সরেজমিনে পরিদর্শন করার পরিবর্তে লুৎফর রহমান অনেক ক্ষেত্রে তাঁদের কার্যালয়ে ডেকে নেন। সেখানে পরিদর্শন করতে গেলে বেশি খরচ হবে, এমনকি লাইসেন্স পাওয়া নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে ভয় দেখানো হয়। পরে অতিরিক্ত অর্থের বিনিময়ে প্রতিবেদন তৈরি ও পাঠানোর প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।
সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ :
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক জানান, ফায়ার লাইসেন্স করতে গিয়ে তাঁরা লুৎফর রহমানের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন। তাঁদের অভিযোগ, ভবন বা প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন না করে অফিসে বসেই প্রতিবেদন তৈরি করা হয়। এরপর বিভিন্ন অজুহাতে আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়।
একাধিক সেবাগ্রহীতার দাবি, ভবনের ধরন ও আয়তন অনুযায়ী তাঁদের কাছ থেকে পাঁচ হাজার থেকে শুরু করে ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ চাওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে মোট আদায়ের পরিমাণ আরও বেশি হয়। এমনকি কম্পিউটারে কাজ করার কথা বলেও ৫০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
তাঁদের ভাষ্য, ফায়ার লাইসেন্সের জন্য নির্ধারিত সরকারি ফি জমা দেওয়ার নিয়ম থাকলেও এর বাইরে অতিরিক্ত অর্থের হিসাব বা খাত সম্পর্কে জানতে চাইলে বিরূপ প্রতিবেদন দেওয়ার ভয় দেখানো হয়। ফলে প্রয়োজনীয় লাইসেন্স পেতে বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ দিতে রাজি হন।
একজন ক্লিনিক মালিক বলেন, ‘আমরা ব্যবসা পরিচালনার জন্য নিয়ম মেনেই ফায়ার লাইসেন্স নিতে চাই। কিন্তু আবেদন করার পর নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। সরেজমিনে পরিদর্শন না করেই অফিসে বসে প্রতিবেদন তৈরি করার কথা বলা হয়। অতিরিক্ত টাকা দিতে না চাইলে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখানো হয়। সরকারি ফির বাইরে কেন টাকা দিতে হবে, তা জানতে চাইলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায় না।’
আরেকজন সেবাগ্রহীতার অভিযোগ, ভবনের নিরাপত্তা যাচাইয়ের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। তাঁর মতে, সরকারি একটি সেবা পেতে এ ধরনের পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে একদিকে সেবাগ্রহীতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে।
অভিযোগ অস্বীকার কর্মকর্তার :
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়ার হাউজ পরিদর্শক লুৎফর রহমান। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা নেই।
তিনি বলেন, ‘কে বা কারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তা বলতে পারব না। যেসব অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। ফায়ার লাইসেন্স পাওয়ার জন্য অধিদপ্তরের অনলাইনে আবেদন করতে হয়। আমরা শুধু পরিদর্শন প্রতিবেদন অনলাইনে পাঠাই। পরিদর্শনের জন্য তিন সদস্যের একটি কমিটি রয়েছে। কমিটির সবাইকে ঘটনাস্থলে যাওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ভবন বা ক্লিনিকের মালিক এবং কমিটির তিন সদস্য পরিদর্শনস্থলে গেছেন—এমন ছবি প্রতিবেদন পাঠানোর সময় অনলাইনে আপলোড করতে হয়। ছবি ছাড়া কোনোভাবেই প্রতিবেদন অনলাইনে জমা দেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাই না। অফিসে বসেই সব প্রতিবেদন তৈরি করি। যারা এমন অভিযোগ করেছেন, তাঁদের অভিযোগ শতভাগ মিথ্যা।’
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের :
এ বিষয়ে যশোর বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. মেজবাউর রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ কেউ আমাদের কাছে করেননি। তবে অভিযোগের বিষয়টি সঠিক হলে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে জানানো হবে।’
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ জেলা প্রশাসনের কাছে কেউ করেননি। কোনো সেবাগ্রহীতা লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জনস্বার্থে নিরপেক্ষ তদন্তের দাবি :
সংশ্লিষ্টদের মতে, ফায়ার লাইসেন্স কেবল একটি প্রশাসনিক অনুমোদন নয়; এটি ভবন ও প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে হাসপাতাল ও ক্লিনিকের মতো প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের সুযোগ নেই। তাই পরিদর্শন কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া জরুরি।
সেবাগ্রহীতাদের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। পরিদর্শন প্রতিবেদন তৈরির প্রক্রিয়া, অনলাইনে জমা দেওয়া তথ্য ও ছবি এবং সরকারি ফির বাইরে অর্থ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে ফায়ার লাইসেন্স গ্রহণের পুরো প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
