নিজস্ব প্রতিবেদক
যশোরে নকল ফেনসিডিল কারখানা মালিক ও চিহ্নিত সন্ত্রাসী রবিউল ইসলামকে গত রোববার দিবাগত গভীর রাতে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন পর হলেও শহরের পিটিআই মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, মারামারি ও মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। আটক রবিউল ইসলাম ষষ্ঠীতলা বুনোপাড়ার মৃত শফি মিয়ার ছেলে।
যশোর সদর ফাঁড়ি পুলিশের এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল তৈরি করে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে দৈনিক কল্যাণ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।
কয়েকদিন বাড়ি ছাড়া থেকে আবারও রবিউল এলাকায় এসে সেই কারবার শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত গভীর রাত ১টার দিকে এলাকার পাখিপট্টির নুরুন্নাহারের বাড়ির সামনে অভিযান চালায় পুুিলশ। এসময় ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দিয়ে তাকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মাদক কারবারি রবিউল ইসলাম নিজেকে পুলিশ ও র্যাবের সোর্স বলে পরিচয় দেন। তিনি নিজে ফেনসিডিল তৈরি ও ইয়াবা বিক্রি করে আসছিলেন।
